বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নেচে গেয়ে দূর্গা মাকে বিদায় দিলো হরিজনরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পিএম
চাঁদপুরে নেচে গেয়ে দূর্গা মাকে বিদায় দিলো হরিজনরা
চাঁদপুরে হাসি আনন্দে নেচে গেয়ে বিজয়া দশমীর রাতে দেবী দূর্গা মাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দিলো হরিজনরা। ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে শহরের চৌধুরীঘাটের ডাকাতিয়া নদীতে এ বিসর্জন দেয়া হয়।
বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীর শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরের দূর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজন ও সাধারণ সম্পাদক, সূর্য মন্দির যুব ক্লাবের সভাপতি বিপ্লব দাস বলেন, শারদীয় দূর্গোৎসবে আমাদেরকে প্রতি মুহুর্তে উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছে। এমনকি প্রতীমা বিসর্জন দেয়ার সময়ও তারা সবাই উপস্থিত রয়েছেন। এজন্য আমরা প্রশাসনের পাশাপশি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝী, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জাকির, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।