রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪১ এম
আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা ও শিক্ষকদের মাঝে উপহার প্রদান করা হয়।

”অভিভাবকদের উদাসীনতাই সন্তানদের শিক্ষিত হওয়ার প্রধান অন্তরায়” বিষয়ক এই বিতর্ক প্রতিযোগিতায় দুটি দলে ভাগ হয়ে বিদ্যালয়ে খুদে বিতার্কিকরা অংশগ্রহণ করে। তাদের চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপনে বিচারকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা মুগ্ধ হন। বিচারকদের চুলছেড়া বিশ্লেষণে নির্ধারিত বিষয়ে পক্ষদলকে হারিয়ে বিপক্ষ দল চ্যাম্পিয়ন হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী। বিচারকের দায়িত্ব পালন করেন ব্র্যাক চাঁদপুর -এর এরিয়া ম্যানেজার মোঃ ওয়াহেদুল ইসলাম, পুরানবাজার ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব হোসাইন শাওন, সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।

পুরস্কার বিতরণ পর্বে আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ এবং অধ্যক্ষ আসমা খানম।

Model Hospital

বক্তরা বলেন, আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটি প্রশংসার দাবিদার। কারণ বিতর্ক প্রতিযোগিতা একটি শিক্ষামূলক এবং সৃজনশীল কার্যক্রম। যা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উন্নতি, চিন্তাশক্তি, এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল জীবনে বিতর্ক প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশের এক অনন্য মাধ্যম। স্কুল বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাধারা, বিশ্লেষণ ক্ষমতা এবং বক্তব্য উপস্থাপনার দক্ষতা বাড়ায়। আমরা আশা করব চাঁদপুর চিল্ড্রেন একাডেমী এই ধরনের আয়োজন ধারাবাহিকত ভাবে চালিয়ে যাবে।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনের পরিচালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রাবেয়া আক্তার।

এসময় বিদ্যালয়ের শিক্ষক আমেনা বেগম, রাবেয়া, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীনা আক্তার, সাবিনা ইয়াসমিন, জাকিয়া ইসলাম, রোমান হোসেন, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা আক্তার দিবা, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, আফরিন আক্তার উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।