রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদ উদ্দিন উঃবি’র পরিচালনা পর্ষদের অভিভাবক নির্বাচন সম্পন্ন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম
ফরিদ উদ্দিন উঃবি’র পরিচালনা পর্ষদের অভিভাবক নির্বাচন সম্পন্ন 
শাহরাস্তি উপজেলার ফরিদ উদ্দিন উঃবি’র  পরিচালনা পর্ষদের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী এলাকার ওই বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদিন ভোটকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে ফিরোজ আহম্মেদ ২৪৪ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
ফরিদ আহম্মেদ ২৩৭ ভোট পেয়ে দ্বিতীয়, মো. হাবিবুর রহমান ২৩৫ ভোট পেয়ে তৃতীয় এবং সামছুল ইসলাম  ১৯০ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। সরকারি বিধি মোতাবেক অনুষ্ঠিত এ নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খাঁন।
আইনশৃঙ্খলা তদারকি  করেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার। এ কাজে  সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন চলাকালে রাজনৈতিক নেতৃবৃন্দ ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিভাবক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাঁরা সন্তুষ্ট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।