জাতীয় রক্তদাতা দিবসে প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পারেন।

এই কার্যক্রমে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট অর্থায়ন করে এবং অংশগ্রহণকারীদের স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর মুন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাছলিমা আক্তার ও চাঁদপুর খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব অ্যাসিস্ট্যান্ট সুমাইয়া আক্তার।



এ সময় উপস্থিত ছিলেন হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্য মোঃ হাসিবুর রহমান, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান (সাজু), প্রচার সম্পাদক জেএম মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাহিম হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ আরজু, সদস্য বোরহান উদ্দিন, আরাফাতুল ইসলাম রিফাতসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংস্থার সভাপতি হাবিবুর রহমান জানান, “রক্তদান একটি মানবিক কাজ। মানুষকে সচেতন করতে এবং তরুণদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন।”








