রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ১৭ স্কুল শিক্ষার্থী

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম
ফরিদগঞ্জে গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ১৭ স্কুল শিক্ষার্থী

গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ফরিদগঞ্জের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবেই হাসপাতালে নিয়ে যাচ্ছে অভিভাবকরা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তারা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থীকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে।

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে আরাবি তাবাসসুম, চাঁদনি আক্তার, রূপন্তি সরকার, সপ্তম শ্রেণির ফারজানা আক্তার, অষ্টম শ্রেণির রুমা আক্তার, ছামিয়া আক্তার, মরিয়ম আক্তারসহ আরও কয়েকজন।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সকালে স্কুল থেকে ফোন পেয়ে তারা ছুটে যান। গিয়ে দেখেন, বেশ কয়েকজন শিক্ষার্থী কান্নাকাটি করছে, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, “প্রতিদিনের মতো ক্লাস শুরু হওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়, সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাদের খবর দিই। তারা এসে শিক্ষার্থীদের চিকিৎসা ও পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। তারপরও বিষয়টি আমারা ক্ষতিয়ে দেখছি।”

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “খবর পেয়ে জেলা সিভিল সার্জন মহোদয়সহ আমরা ওই স্কুলে গিয়েছি। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং এর মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।”

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।