বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মমিন খান (৪০) নামে এক নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসদরের কালিরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনের নিচ থেকে ছাদে রড তোলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মমিন খান অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মমিন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘব রায় গ্রামের মাকসুদ খানের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
মৃতের বাবা জানান, আমার ছেলে প্রতিদিনের মতো সকালেই কাজে গিয়েছিল। রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ছেলের মৃত্যুর জন্য কাউকে দোষারোপ করছি না। তবে তার স্ত্রী ও চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital