মতলব উত্তরের সানাতের কান্দি মেইন রোড সংলগ্ন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সানাতের কান্দি মেইন রোড সংলগ্ন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীক আমার নয়, ধানের শীষ আঠারো কোটি মানুষের প্রতীক। এই প্রতীক জড়িয়ে বাঙালী জাতির ঐতিহ্য, ইতিহাস। ধানের শীষ হল বাংলাদেশের উন্নয়নের প্রতীক। এই ধানের শীষকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলেই আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
ড. জালাল উদ্দিন আরো বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। দেশের এই ক্লান্তিলগ্নে চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীকে সুস্থ করে জনগনের মাঝে ফিরিয়ে দেন।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত সচিব ড. আনিসুল আউয়াল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা জিয়া উদ্দিন জিয়া।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক প্রমুখ।