বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল; বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
চাঁদপুরে সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল; বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মিত চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থল মতলব সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে যানবাহন।

২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুর মাঝখানের জয়েন্টে এই ফাটল দেখা দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে কংক্রিট, বেরিয়ে পড়ছে রড।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সেখানে দেখা যায়, ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুটি কাঁপতে থাকে। সংযোগ সড়কের গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর ও কুমিল্লার বিপুল সংখ্যক মানুষ ঢাকায় যাতায়াতের জন্য এ সেতুর ওপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে। এটি অচল হয়ে পড়লে বিকল্প সড়ক না থাকায় জনভোগান্তি চরমে উঠবে।

Model Hospital

২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পরবর্তীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি টাকা। ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের ৭টি স্প্যান এবং ১ দশমিক ৮৬ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ নির্মিত সেতুটি ২০১৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।

স্থানীয় মজিবুর রহমান বলেন, ভূমিকম্পের আগে এমন ফাটল ছিল না। সেতু দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্কুলছাত্রী নুসরাত জাহান বলেন, ভারী গাড়ি উঠলে সেতু কাঁপে। প্রতিদিন আতঙ্কে পার হই। এখন ঝুঁকি নিয়েই অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের পরিবহন চলাচল করছে।

গাড়িচালক আশরাফ আলী বলেন, এত অল্প সময়ে সেতুতে ফাটল উদ্বেগজনক। সেতুর পাশের ব্লক ও মাটি ধসে পড়েছে। দ্রুত মেরামত জরুরি।

নিরাপদ সড়ক চাই মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু জানান, সেতু বন্ধ হলে ঢাকাসহ আশপাশের জেলায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। সেতুর গুরুত্ব অনেক। দ্রুত সংস্কারের দাবি জানাই।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এ সেতু সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেন বলেন, সেতুর জয়েন্টে ফাটল বা সংযোগ সড়ক ভেঙে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital