শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

চাঁদপুরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি নীরব ঘাতক। মাদক যুবসমাজের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একটি দেশকে দুর্বল করতে যুদ্ধের প্রয়োজন হয় না—যুবসমাজকে মাদকে আসক্ত করলেই যথেষ্ট।”

তিনি বলেন “আজ যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তারা আমাদের তরুণদের জীবন নিয়ে খেলছে। মাদক বিক্রেতা ও চোরাচালানকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Model Hospital

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এই বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। সচেতন পরিবারই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।”

তিনি  বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাঠমুখী করতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক চর্চাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। আজকের এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি বাস্তব ও কার্যকর উদ্যোগ। চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন হাসান আল জাহেদ রিফায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার’ চাঁদপুর সদর সার্কেল খাইরুল কবির, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সাবেক ক্রিকেটার শেখ মনজুরুল কাদের সোহেল।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড়, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে এ মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো:- জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও  মর্নিং ব্যাচ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।