শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে কিশোরের মৃ ত্যু, ৬ দোকান পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম
ফরিদগঞ্জে আগুনে কিশোরের মৃ ত্যু, ৬ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাহার বাজারের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাব্বির হোসেন (১৫)। সে উপজেলার শালদহ ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় দোকানের সামনে আগুন জ্বলছিল এবং পেছনের দরজায় তালা থাকায় সাব্বির হোসেন বের হতে পারেনি। এতে সে আগুনে পুড়ে মারা যায়।

Model Hospital

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর সাহার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital