বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে
সামাজিক কাজে অবদানে সংবর্ধিত হলেন চাঁদপুরের আলেয়া বেগম লাকী
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কর্তৃক ‘বেকারত্ব নিরসনে যুবদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে BYDF YOUTH AWARD-2025 পেয়ে সংবর্ধিত হলেন চাঁদপুরের আলেয়া বেগম লাকী।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিস্টিক ইন্টেরিয়র এন্ড ফার্নিচার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন।

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজিবুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন) মো. আ. হামিদ খান, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, উপ-পরিচালক, বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাব্বির তালুকদার, চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না এবং জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিহাব রিফাত আলম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাহরুস ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন গাজী মোহাম্মদ ইয়াকুব আলী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সংস্কৃতি জোটের সভাপতি শফিকুল আলম বাবুল। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আর্ট প্রতিযোগিতায় সার্টিফিকেট ও পুরস্কার প্রদান, ভলান্টিয়ার সার্টিফিকেট প্রদান, প্রশিক্ষণার্থী মেলার প্রশংসাপত্র প্রদান এবং বিইউডিএফ যুব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মাননার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে বিভিন্ন শ্রেণীর মানুষদের গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
এতে চাঁদপুরের রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীকেও সামাজিক কাজে অবদানের জন্যে সংবর্ধনা প্রদান করা হয়।





