বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা পেল ২শতাধিক রোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা পেল ২শতাধিক রোগী

অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। এতে বিভিন্ন বয়সের প্রায় ২শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

৩ জানুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতো তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলো সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবসেবায় শিক্ষার্থীদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের প্রশংসা করে বলেন, যে বয়সে অনেক তরুণ সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই সময়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের এই তরুণরা নি:স্বার্থভাবে মানবসেবায় কাজ করছে—এটি সমাজের জন্য আশাব্যঞ্জক। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংগঠন আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারবে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন : মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নাহিদ হাসান, মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: রেদওয়ানুর নবী চৌধুরী, চর্ম, যৌন, এলার্জি ও কসমেটিকস রোগের বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম।

চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরামর্শের পাশাপাশি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, ২০১৯ সাল থেকে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমাদের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের শুভাকাঙ্খী, ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত পাটোয়ারী,

ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ল্যাব ইনচার্জ মেহেদী হাসান রাসেল, খাজুরিয়া ফুটবল একাডেমির উদ্যোক্তা আব্দুর রহিম তপদার, বিডি ক্লিন চাঁদপুরের সাবেক সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি, সেচ্ছাসেবক টিটু হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মেডিকেল ক্যাম্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital