শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কৃষিজমি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
ফরিদগঞ্জে কৃষিজমি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির টপসয়েল কেটে পরিবহনের মাধ্যমে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিডি জসিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হলেও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। বিভিন্ন স্থানে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের মাধ্যমে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক ও জনপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনিক নজরদারি আরও জোরদার না হলে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে না। তারা জানান, এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, “কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা নজরে এলে নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রশাসনকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।”
অভিযান চলাকালে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital