চাঁদপুরে আওয়ামী লীগ থেকে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই যোগদান চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।





