বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চ্যানেল নাইনে যোগ দিলেন তরুন সাংবাদিক রিয়াজ শাওন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম
চ্যানেল নাইনে যোগ দিলেন তরুন সাংবাদিক রিয়াজ শাওন
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তরুণ সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা রিয়াজ শাওন।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল নাইনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চ্যানেল নাইনের জেনারেল ম্যানেজার অনিসুন ইসলাম হেড অব নিউজ বেলাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় সংবাদ বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিয়াজ শাওন দীর্ঘদিন ধরে চাঁদপুরে মাঠপর্যায়ের সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে চাঁদপুরের জনপ্রিয় দৈনিক “শপথ” পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল RKnews71–এর ডেস্ক ইনচার্জ হিসেবেও কাজ করছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় তার দক্ষতা ইতোমধ্যেই সহকর্মী ও পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত মুখ। তার পরিচালিত জনপ্রিয় ফেসবুক পেজ “চাঁদপুরীয়ান”–এর মাধ্যমে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প নিয়মিত তুলে ধরা হয়। তথ্যসমৃদ্ধ ও ভিজ্যুয়ালভিত্তিক এসব কনটেন্ট তরুণ প্রজন্মের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় সাংবাদিক মহলের মতে, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও আধুনিক ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা—এই দুইয়ের সমন্বয় রিয়াজ শাওনকে আলাদা করেছে। ফলে চ্যানেল নাইনের মতো জাতীয় পর্যায়ের টেলিভিশনে চাঁদপুরের সংবাদ আরও দ্রুত, বস্তুনিষ্ঠ ও প্রাণবন্তভাবে উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।
নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে রিয়াজ শাওন বলেন, “চ্যানেল নাইনের মতো একটি স্বনামধন্য টেলিভিশনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমি চেষ্টা করবো চাঁদপুরের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে।”
ব্যক্তিগত জীবনে রিয়াজ শাওন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই লেখালেখি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাংবাদিকতায় তার এই অগ্রযাত্রা চাঁদপুরের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।