বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৮ নেতা বহিষ্কার

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
ফরিদগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৮ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোট আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাতে জারি করা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারের তথ্য জানানো হয়। বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, মঞ্জিল হোসেন ও ফারুক হোসেন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অপরদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান পাটওয়ারী, মো. আহসান হাবিব ও মো. জাকির হোসেন শেখকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচজন নেতা। যাচাই-বাছাই শেষে দল থেকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। তবে দলের এই সিদ্ধান্ত অমান্য করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital