বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না : লায়ন হারুন কন্যা ডা. তাসফিয়া
এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তার কন্যা ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এসব পথসভায় তিনি বলেন, “ আপনাদের এলাকার সাবেক সংসদ সদস্য, আমার বাবা লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। আমার বাবা নিজেও কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তাই আমরা সেই পথে যাবো না।”
তিনি আরও বলেন, “প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনো ভালো কিছু অর্জন করা যায় না। মানুষ বড়ো হয় দুইভাবে—একটি হলো অন্যকে ছোট করে, আরেকটি হলো নিজের কর্মের গুণে। আমরা সবাই দ্বিতীয় পথটি বেছে নিতে চাই। নিজের যোগ্যতা, সততা ও মানুষের সেবার মাধ্যমে এগিয়ে যেতে চাই।”
ডা. রাফা বলেন, “আমাদের উদ্দেশ্য খুবই সহজ এবং লক্ষ্য একটাই—আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক এবং আমার বাবা লায়ন মো. হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, প্রবাসী বিএনপি নেতা জহির খান, বোরহান উদ্দিন সেলিম, মহিলা নেত্রী শারমিন করিম এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া।





