রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে নারী ভোটারদের নিয়ে জুয়েলের ব্যতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম
চাঁদপুর-৩ আসনে নারী ভোটারদের নিয়ে জুয়েলের ব্যতিক্রমী প্রচারণা

চাঁদপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার নেতৃত্বে হওয়া এই প্রচারণা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক হাজার নারী ভোটারকে সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচন পূর্ণতা পায় না।

তিনি আশা প্রকাশ করেন, চাঁদপুর-৩ আসনের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। এদেশের সকল আন্দোলন সংগ্রামে নারীদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাছাড়া যে কোন নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Model Hospital

আজকে তাই আমি নারী ভোটারদের নিয়ে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানে দলের কর্মীদের চেয়ে নারী ভোটারদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, চাঁদপুর ৩ আসনে বিএনপি তথা ধানের শীষের গণজোয়ার বইছে। ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে বিজয় করতে দল মত নির্বিশেষে গোটা চাঁদপুরবাসীর ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি, এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

প্রচারণায় অংশ নেওয়া নারী ভোটাররাও বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। দলীয় নেতাকর্মীদের মতে, এই ব্যতিক্রমী নারীসমাবেশ নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সোলাইমান ঢালী, সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সায়েদ লিটন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।