রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ধানের শীষের বিজয়ের লক্ষে কচুয়ায় ঢাবি ছাত্রদল নেতা কাউছার আলমের গণসংযোগ

মেহেদী হাসান সাকিব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম
ধানের শীষের বিজয়ের লক্ষে কচুয়ায় ঢাবি ছাত্রদল নেতা কাউছার আলমের গণসংযোগ

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন ঢাবি ছাত্রনেতা কাউছার আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষে চাঁদপুরের কচুয়ায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করেন চাঁদপুর-১ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার আলম রাসেল।
ছাত্রদল নেতা কাউছার আলমের নেতৃত্বে একদল কর্মী ও সমর্থক কচুয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। দিনব্যাপী তিনি উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ও কালোচোঁ এলাকা এবং কাদলা ইউনিয়নের দরবেশগঞ্জ, কাদলা, রঘুনাথপুর, বড়িগাঁও,মুরাদপুর এবং গুলবাহার এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ড. মিলনের বিগত সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নেই। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।”
সরেজমিনে দেখা যায়, গণসংযোগকালে স্থানীয় সাধারণ ভোটাররা ছাত্রদল নেতাদের সাদরে গ্রহণ করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ড. মিলনের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কাদলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার এক প্রবীণ ভোটার জানান, এলাকার শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে ড. মিলনের অবদান অবিস্মরণীয়, তাই তারা পরিবর্তনের আশায় ঐক্যবদ্ধ।
নির্বাচনী এই প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।