রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তারেক রহমান দেশের নেতৃত্বে এলে ফরিদগঞ্জের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে : হাবিব-উন-নবী খান সোহেল

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম
তারেক রহমান দেশের নেতৃত্বে এলে ফরিদগঞ্জের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে : হাবিব-উন-নবী খান সোহেল

ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শে বিশ্বাসীরা কখনো লোভ-লালসার কাছে মাথা নত করে না। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়ন, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা বীরত্ব ও সাহসিকতার সঙ্গে রাজপথে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, কোনো অপশক্তিই শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে একচুলও সরাতে পারবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক অবিস্মরণীয় রাষ্ট্র—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে  চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাসে এমন নজির রয়েছে যে, দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে। তিনি বলেন, মানুষ অর্থের কাছে বিক্রি হয় না—মানুষ বিক্রি হয় আদর্শ ও নীতির কাছে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “দুধের স্বাদ ঘোলে মেটে না। তাই আওয়াজ তুলুন—ভোট দেবেন ধানের শীষে।” তিনি দাবি করেন, তারেক রহমান দেশের নেতৃত্বে এলে উন্নয়নের আলো ছড়াবে এবং ফরিদগঞ্জের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, ফরিদগঞ্জের যুবদলের কিছু নেতা ভুল পথে হাঁটছে। যাঁরা ভুল পথে হাঁটছে তাদের উদ্দেশ্য করে বলেন, আজ রাত ১২টা পর্যোন্ত সময় দিলাম। নিজেকে সুদরাতে না পারলে বাকি জীবনের জন্য বিএনপি করা শেষ হয়ে যাবে। দীর্ঘ দিন যেই দলের জন্য মামলা হামলা খেয়েছেন। এখন ব্যক্তি স্বার্থে নিজের ক্যারিয়ার শেষ করার প্রয়োজন নেই। ধানের শীষের ছায়াতলে দলের সকলকে আশ্রয় নিতে হবেই। এর বিকল্প নেই।
জনসভায় জেলা বিএনপির সহসভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, প্রশিক্ষণবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও মজিবুর রহমান দুলাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা আনন্দ সাহা, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এম জেড আই জহিরুল ইসলাম, শেখ ফরিদ হোসাইন (ঢাকা মহানগর বিএনপি), নজরুল ইসলাম নোমান, বিল্লাল হোসেন, তরেক রহমান আজিজ, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও মাহফুজুর রহমান টিপু, সাবেক যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, খুদে নেত্রী জেরেন আক্তার প্রমুখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।