রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে অবহিতকরণ সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)- সকালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর। এসব ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।

Model Hospital

এ সময় প্রধান অতিথি জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, রোগ প্রতিরোধে টিকাদান ও পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত রোগ সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর আলোকপাত করেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মালিহা আফছার,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)- ডাঃ বিউটি রানী সরকার, ব্র্যাক জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, ব্রাক প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, ব্রাক রিজিওনাল ম্যানেজার (জিজেডি) সেলিম মোল্লা, প্রোগ্রাম অফিসার (বিএইচপি)” শাহরিয়ার সিদ্দিক।

সভায় স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।