ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আলহাজ্ব এম এ হান্নান এমপি কে গণসম্বর্ধনা।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান-কে গণসংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। একই সঙ্গে আয়োজিত হয় পরিষদের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল।
উপজেলার বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত এম এ হান্নানকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “আমি ফরিদগঞ্জবাসীর জন্য তেমন কিছুই করতে পারিনি। কিন্তু দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁরা আমাকে যে মর্যাদা দিয়েছেন, তা আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখব।” তিনি আরও বলেন, অসুস্থ শরীর নিয়েও জীবনের ঝুঁকি নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন শুধুমাত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে।
তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ একা করা সম্ভব নয়। সরকারের অংশীদার হয়ে উন্নয়ন ত্বরান্বিত করতেই নির্বাচনে অংশ নিয়েছি। জীবনে যা উপার্জন করেছি, তার সিংহভাগ নিজ এলাকার মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব।”
ফরিদগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তাঁর ভাষায়, “আমি এবং আমার পরিবার যতদিন বেঁচে থাকব, কৃতজ্ঞচিত্তে ফরিদগঞ্জবাসীর পাশে থাকব। কারণ আমার জীবন ও পরিবারের চেয়ে ফরিদগঞ্জবাসীকেই বেশি ভালোবাসি।”
ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে এবং তরুণ সাহিত্যিক রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরিদ আহমেদ রিপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলহাজ শহিদ উল্লাহ, সৈয়দ মেজবাহ উদ্দিন, নাসির উদ্দীন চৌধুরী, অধ্যাপক জহিরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মহেশ চন্দ্র শর্মা, প্রকৌশলী ইকবাল হোসেন, আক্তার হোসেন চৌধুরী, আহসান উল্লাহ, আনিসুজ্জামান চৌধুরী, বাবুল মিয়া, জহির চৌধুরী, আবদুল কাদের, উত্তম কুমার রায়, জাহাঙ্গীর আলম, মঞ্জিল হোসেন, নুরুন্নবী নোমান, হেদায়েত উল্লাহ, আহসান হাবিব ও উজ্জ্বল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।