বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম
ফরিদগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এর তিন দিন আগে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার হন তার স্বামী। পুলিশ বলছে, স্বামী-স্ত্রী দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
রোববার (১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের পরিচালনায় একটি দল পৌর এলাকার কাছিয়াড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও মাসুদুল হকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানকালে শিল্পী আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিল্পী আক্তার পৌর এলাকার কথিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী। গত তিন দিন আগে রফিকুল ইসলামকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পী আক্তারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “তিন দিন আগে তার স্বামীকেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।”
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital