বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাফি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

কচুয়ায় আল আরাফাহ বাস বন্ধের আল্টিমেটাম

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
কচুয়ায় আল আরাফাহ বাস বন্ধের আল্টিমেটাম

আল-আরাফা বাস বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

চাঁদপুরের কচুয়া উপজেলায় ছাত্রদল নেতা রাফি পাটোয়ারীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর দাবিতে আল আরাফাহ পরিবহনের বাস চলাচল বন্ধের  বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে কচুয়া–সাচার-গৌরিপুর  সড়কের বাতাপুকুুরিয়া এলাকায়  বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা আল আরাফাহ পরিবহনের কয়েকটি বাসও আটকে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা রাফি পাটোয়ারীর মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত বিচার এবং দুর্ঘটনার জন্য দায়ী বাসটি বন্ধের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন।

পরে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন  স্বপন মিয়া আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রী ও  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিলে এলাকাবাসী সাময়িকভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ৪৮ ঘণ্টার মধ্যে আল আরাফাহ বাস চলাচল বন্ধ ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাফি পাটোয়ারী ঢাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কচুয়ার মাঝিগাছা গ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ এলাকার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাফি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাফি পাটোয়ারীর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর দাবি, সড়কে বেপরোয়া বাস চলাচল বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital