শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে গরুর খামারে শ্রমিক হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার সময় প্রধান আসামি গ্রেপ্তার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম
মতলবে গরুর খামারে শ্রমিক হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার সময় প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাগর হোসেন

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সাগর হোসেনকে (২৩) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, হত্যাকাণ্ডের পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, ঘটনার রাতে উভয়ের মধ্যে বিরোধ ও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর হোসেন লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করে। আসামি সাগর হোসেন পুলিশের কাছে স্বীকার করেছে সে মনজিল শেখের হত্যার সাথে জড়িত এবং আসামি সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।ভারতে যাওয়ার আগেই আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। নিহত মনজিল শেখের মেয়ে মুক্তা হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশের সংবাদ সম্মেলন।
এর আগে,গত শনিবার রাতে হত্যাকাণ্ডের পর পালিয়ে যান সাগর। রোববার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত  মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
 নিহত মনজিল শেখ ও অভিযুক্ত সাগর হোসেন দুজনেই চাঁদপুরের মতলব দক্ষিণ  উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামের গরুর খামারে কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে সোমবার (৩০ মার্চ) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার ও তদন্ত কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।