রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে দিনের বেলায় মসজিদের দানের টাকা চুরি: থানায় অভিযোগ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫৬ পিএম
চাঁদপুরে দিনের বেলায় মসজিদের দানের টাকা চুরি: থানায় অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দিন দুপুরে মসজিদের ভিতর থেকে তালা ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে ইউনিয়নের দক্ষিণ পশ্চিম লোধেরগাঁও দোতলা শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনায় এদিন রাতে মসজিদের মোতোয়লি মোঃ মোবারক হোসেন গাজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে উক্ত মসজিদের ভিতর স্ট্রীলের আলমিরাতে রক্ষিত মসজিদে দানকৃত ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা নেই। অজ্ঞাত চোর বা চোরেরা সু-কৌশলে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত সময়ের মধ্যে মসজিদে প্রবেশ করিয়া উক্ত টাকা নিয়ে যায়। বিষয়টি উক্ত মসজিদের কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে তাহাদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।
উক্ত চুরির পরিপ্রেক্ষিতে মসজিদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, মসজিদটিতে দিনের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই স্টিলের আলমারি ভাঙতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে অচিরেই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আরো বলেন, উক্ত এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বেড়ে গেছে। তারা নেশার টাকা জোগাতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। তাই, উক্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।