শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে আওয়ামী লীগের দায়েরকৃত নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পিএম
মতলবে আওয়ামী লীগের দায়েরকৃত নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী জেল হাজতে

জেল হাজতে প্রেরণ করা যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী।

চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় দায়ের করা ১৩ বছর আগের হরতালে পিকেটিং ও নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা জর্জকোট -২ আদালতে যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী  হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের
জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেল হাজতে প্রেরণ করা  নেতাকর্মীরা হলেন-মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান, জুয়েল ও আদর।
উক্ত মামলার বিবাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাদ্দাম হোসেন বলেন, বিগত ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় মিরাজ মাহমুদ জিসান, রাশেদুজ্জামান টিপু, শরীফ উল্লাহ টিটু, রেহান উদ্দিন রাজন, হাসান, জুয়েল, আদরসহ ১২/১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন মতলব পৌরসভার বাইশপুর গ্রামের লাল মিয়ার ছেলে শরীফ হোসেন। যার মামলা নং ১৫। ওই মামলায় ১১ জনের নামে চুড়ান্ত প্রতিবেদন (চার্জসীট) আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার তৎকালীন এসআই দীপক।পরবর্তীতে বিবাদীগনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
এদিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মতলব দক্ষিণ বিএনপি এক প্রতিবাদবার্তায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।