বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের সড়কে প্রাণ গেল ফরিদগঞ্জের সোহেলের, পরিবারে শোকের মাতম

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম
সৌদি আরবের সড়কে প্রাণ গেল ফরিদগঞ্জের সোহেলের, পরিবারে শোকের মাতম
নিজের ব্যবসা প্রতিষ্ঠান রেখে অধিক আয়ের খোঁজে দেড় বছর পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৫)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের স্বচ্ছলতা ফিরাতে পারেন নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন প্রদীপ থেমে গেলো। প্রবাসী মো. সোহেল হোসেন ৭ এপ্রিল মঙ্গলবার সৌদি আরব সময় বেলা ১১টার দিকে আল কাসিম এলাকায় সড়কে কাজ করার সময় দ্রুতগতির গাড়ীর চাপায় নিহত হয় সে।
সোহেল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মো. হোসেন মুন্সীর একমাত্র পুত্র সন্তান।
নিহত সোহেলের চাচা আনোয়ার হোসেন সজিব জানান, গাব্দেরগাও গ্রামের মুন্সী বাড়ির (সাও বাড়ি) মো. হোসেন মুন্সীর একমাত্র পুত্র সন্তান সোহেল ফরিদগঞ্জ বাজারে চা-স্টল ছিলো। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরাতে প্রায় দেড় বছর পূর্বে সে সৌদি আরবে শ্রমিক ভিসায় যায়। সেখানে সে শ্রমিক হিসেবে সড়কের কাজ করার সময়ে ৭ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।  এক ছেলে দুই মেয়ের জনক সোহেল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার শোকে পরিবারের বইছে শোকের মাতম। বৃদ্ধ বাবা মা ও মরহুমের তিন সন্তান নিয়ে স্ত্রী দিশেহারা।
হাউমাউ করে কেঁদে বৃদ্ধ বাবা মো. হোসেন মুন্সী বলেন, ভেবেছিলাম ছেলে বিদেশে গিয়ে আমাদের দুবেলা দুমুঠো খাবার দেয়ার সাথে সাথে নিজের দারিদ্রতা ঘুচিয়ে সুখের মুখ দেখবে। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো। আমি সরকারের কাছে আমার একমাত্র ছেলের লাশ দেশে দেশে ফেরত আসে তার জন্য সহযোগিতা চাই।
এদিকে সৌদি আরবে মর্মান্তিক সড়ক সোহেল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার লাশ দেশে নিয়ে আসতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।