মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে হাজীগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু
মালদ্বীপে বহুতল ভবন থেকে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোঃ হানজালা (৩০) দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মালদ্বীপে অবস্থান করছিলেন।

জানা যায়-বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকার সবধেলি মাগু সড়কে অবস্থিত একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।
এ সময় পাশের একটি ভবনের টিনের ছাদের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হন হানজালা।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবদুস সামাদের ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান এবং একটি বৈধ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় -হানজালা ছিলেন শান্ত ও পরিশ্রমী স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একই সঙ্গে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে, নিহতের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। এলাকাবাসী ও প্রবাসী মহলও এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, প্রতি বছর জীবিকার সন্ধানে বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছেন। তবে কর্মস্থলে নিরাপত্তা ঝুঁকি ও নানা দুর্ঘটনার কারণে প্রায়ই এমন মর্মান্তিক ঘটনার শিকার হচ্ছেন অনেক প্রবাসী শ্রমিক, যা পরিবার ও সমাজের জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি।





