শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শত বছর  বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩২ পিএম
কচুয়ায় শত বছর  বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

উপজেলার মনমা মুড়ায় শীতলা পূজা অর্চনা ও শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় ভক্তদের ভিড়।

​বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া বিশ্বরোড বটতলায়  শীতলা পূজা অর্চনা ও মনসা মুড়ায়  শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে । গ্রামবাংলার এই প্রাচীন উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চারপাশ।

​​উপজেলার বিভিন্ন মনসা মুড়া, কড়ইয়া বটতলা , সাচার, রহিমানগর ও নাউলা সহ প্রায় ২০টি স্থানে  বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় বক্তদের ভীর দেখা গেছে। তবে কড়ইয়া বটতলা ও মনসা মুড়া এই মেলাটি তার শত বছরের ঐতিহ্যের জন্য পরিচিত।

মেলায় আগত দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল, মাটির তৈরি পুতুল, হাঁড়ি-পাতিল এবং বাঁশ-বেতের তৈরি তৈজসপত্রের বিশাল সমাহার, ছোট-বড় সবার বিনোদনের জন্য মেলায় বসানো হয়েছে বিশালাকার নাগরদোলা ও নানা রকম সাংস্কৃতিক প্রদর্শনী। মেলার ঐতিহ্যবাহী মুড়লি, কদমা, বাতাসা আর খৈ-এর গন্ধে ম ম করছে বাতাস। সেই সঙ্গে রয়েছে গরম জিলাপির দীর্ঘ লাইন।

​তীব্র গরম উপেক্ষা করেই মেলায় ভিড় জমিয়েছেন সব বয়সের মানুষ। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈশাখী সাজে রঙিন হয়ে মেলা প্রাঙ্গণে এসেছেন দর্শনার্থীরা।

Model Hospital

মেলা কমিটির সদস্য সুজন পোদ্দার জানান, এ বছর মেলায় লোকসমাগম বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। ঐতিহ্য ধরে রাখতে আমরা প্রতিবছরই মেলার আয়োজন করে থাকি।

​মেলায় আসা সুর্বনা আক্তার মিম এক দর্শনার্থী বলেন, ছোটবেলা থেকেই বাবার হাত ধরে এই মেলায় আসতাম। এখন সন্তানদের নিয়ে এসেছি। এই মেলা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।

মেলার বিশাল জনসমুদ্র সামাল দিতে প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।  অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

​শত বাধা আর আধুনিকতার ভিড়ে কচুযার এই শত বছরের বৈশাখী মেলা আজও টিকে আছে বাঙালির মিলনমেলা হিসেবে। মেলার এই উৎসবমুখর পরিবেশ যেন জানান দিচ্ছে বাঙালি তার সংস্কৃতিকে কতটা গভীরভাবে ভালোবাসে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।