বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বেপরোয়া ট্রাক্টর চালানো নিয়ে সংঘর্ষে প্রবাসীকে কুপিয়ে জখম, আটক ২

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৫ এম
ফরিদগঞ্জে বেপরোয়া ট্রাক্টর চালানো নিয়ে সংঘর্ষে প্রবাসীকে কুপিয়ে জখম, আটক ২

ফরিদগঞ্জে অবৈধ ট্রাক্টরে চলাচলে বাধা দেওয়া প্রবাসী শাহাদাতকে কুপিয়ে জখম।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বেপরোয়াভাবে মাটিবাহী ট্রাক্টর চালাতে নিষেধ করায় এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহতের নাম শাহাদাত হোসেন। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়াভাবে চলাচল করছিল। এতে ধুলাবালিতে মসজিদের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। এ সময় একই গ্রামের প্রবাসী শাহাদাত হোসেন ট্রাক্টর চালককে ধীরগতিতে চালানোর পরামর্শ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরের হেলপার ইমন শাহাদাতকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শাহাদাত হোসেন প্রতিবাদ জানালে ইমন ট্রাক্টরে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়।
অভিযোগ রয়েছে, এতে ক্ষান্ত না হয়ে ইমন ট্রাক্টরে থাকা ধারালো লোহার ধামা দিয়ে শাহাদাতের মাথায় কোপ দেয়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন। গুরুতর আঘাতের কারণে তার সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত শাহাদাতের বড় ভাই শাজাহান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (জিআর মামলা নং-১৫৩/২৬)।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ইমন ও ট্রাক্টর চালক মানিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ব্যবহৃত ট্রাক্টরটিও জব্দ করেছে।
স্থানীয়দের দাবি, বেপরোয়া ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার  তদন্ত (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital