শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৪৫ পিএম
শাহরাস্তিতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। শনিবার (০৯ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অসংখ্য দোকান ও অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং শাহরাস্তি থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে দোকান ও ঘর নির্মাণ করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি। দখলদারদের পূর্বেই নির্দিষ্ট সময়সীমা দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসনকে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের প্রথম ধাপে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও সরকারি জমি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কতটি স্থাপনা উচ্ছেদ এবং কতটুকু সরকারি জমি উদ্ধার করা হয়েছে, তা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে মহাসড়কের অন্যান্য অংশেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital