শাহরাস্তিতে ঝড়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
শাহরাস্তিতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মো. আব্দুল কাদের বাচ্চু (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ করে এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়া শুরু হয়।

এ সময় মাঠে বেঁধে রাখা নিজের গৃহপালিত গরু নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে যান আব্দুল কাদের। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাঠে থাকা অবস্থাতেই তিনি হঠাৎ তীব্র অসুস্থ বোধ করেন এবং ঘটনাবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরানপুর গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঝড়ের মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র ঝড়-তুফানের আকস্মিক ধাক্কা বা প্রচণ্ড আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।






