হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালো শিশু মিম
চাঁদপুরের হাজীগঞ্জে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে হাজীগঞ্জ -রামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম
হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ মুন্সি বাড়ির চটপটি বিক্রেতা ঈমান হোসেনের মেয়ে। এছাড়া মিম রায়চোঁ ভূইয়া বাড়ি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিম আক্তার তার নানির সঙ্গে নানির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই সে নানির হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ছোট্ট শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এদিকে, বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।





