হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ কাশেম মোল্লার দোকানের সামনে অভিযান চালিয়ে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে নীল প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহাগ হাজীগঞ্জ উপজেলার মনিনাগ এলাকার কাজিম উদ্দিন বেপারী বাড়ির মৃত নুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।





