শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির শোরশাক বাজার সংলগ্ন কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও নবগঠিত এডহক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আয়েত আলী ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে আয়েত আলী ভূঁইয়া বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। পরীক্ষাকে জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, মেধা, যোগ্যতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আগামী দিনের নেতৃত্ব ও দেশ গঠনের দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই ন্যস্ত। তিনি নবপ্রতিষ্ঠিত কলেজটির অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কলেজের এডহক কমিটির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদায়ী পরীক্ষার্থীরা যেন আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে এবারও প্রতিষ্ঠানটি কৃতিত্বের স্বাক্ষর রাখবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বেসরকারিভাবে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দায়িত্ব বহন করে আসছেন। ভবিষ্যতে সরকার কলেজটিকে এমপিওভুক্ত করলে তিনি সামাজিক উন্নয়নের অন্যান্য খাতে আরও বিস্তৃতভাবে অবদান রাখতে পারবেন। পাশাপাশি আর্থিক সংকটের কারণে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোরও অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস, সততা, সময়ানুবর্তিতা ও নিয়মিত অধ্যবসায়ই সাফল্যের প্রধান চাবিকাঠি। পরীক্ষার হলে নিজেদের সর্বোচ্চ মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠান, পরিবার এবং এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের আইসিটি শিক্ষক মোহাম্মদ শাহ জামাল এবং ইউপি যুবদলের সহ-সভাপতি নুরুল আজম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক রিক্তা রানী দেবনাথ, গণিত শিক্ষক মোহাম্মদ আলী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও সাদিয়া আক্তার ঢালিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুন্দরবন স্টিলের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি নেতা সফি উল্লাহ বাচ্চু, চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএনপি নেতা তাফাজ্জল হোসেন, ইউপি বিএনপির সভাপতি আলী আকবর বেপারী এবং সাধারণ সম্পাদক আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সুশৃঙ্খল প্রস্তুতির কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মনোযোগ ও সততার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং দেশ ও সমাজের কল্যাণে যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ইউসুফ খান।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালনা পর্ষদের সভাপতি ও আগত বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।এরপর প্রধান অতিথি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া ও কলেজের এডহক কমিটির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া কলেজ ক্যাম্পাসে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।