শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৫১ এম
নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শোকজ পাওয়া অন্য দলগুলো হলো- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিটি দলের কাছে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এসব রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দলকে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Model Hospital

ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোকে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী জমা দিতে বলা হয়। পরে ১৯ মে আবারও সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যেও তারা হিসাব দাখিল করেনি।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

শোকজ নোটিশে সংশ্লিষ্ট দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital