চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরী : চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৫০ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন বেসরকারী প্রতিষ্ঠান শিক্ষক- কর্মচারী অবসর সুবিধা বোর্ড এর সচিব নিযুক্ত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেস ক্লাবের- ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভা শুরুর পূর্বে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে চাঁদপুর প্রেস ক্লাব। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ । উপস্থিত সদস্যরা তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
সভা শুরুর স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরী হয়ে পড়েছে। যে কোন সমস্যা মোকাবেলায় তা প্রয়োজন।
সাংবাদিকদের পেশার সম্মান ধরে রাখতে বর্তমানে তা জরুরী হয়ে পড়েছে।
চাঁদপুর প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
সাংবাদিকদের কল্যানে দীর্ঘদিন চাঁদপুর প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। তিনি ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। আমি সভাপতি দায়িত্ব পালন করতে গিয়ে বর্তমানে অনেক সময় বিব্রত হয়ে পড়ছি । প্রেস ক্লাবকে ঐক্যবদ্ধ রাখতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছি। তাই সকল সদস্যগনকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্ত সাংবাদিকদের স্বার্থে ও প্রেস ক্লাবের স্বার্থে আমরা সবাই এক থাকবো এবং ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও রহিম বাদশা। এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, মুনির চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও কাদের পলাশ বক্তব্য প্রদান করেন।
এ সময় ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম ও তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা বক্তব্য রাখেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আলম পলাশ, ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন এবং মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী সভায় উপস্থিত ছিলেন।
সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন উদ্যম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাব তার দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আগামী দিনগুলোতে সাংবাদিক সমাজ ও গণমানুষের কল্যাণে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।
আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।