শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি: ‘মাদক নির্মূলে রাজনৈতিক তদবির বন্ধের জোরালো দাবি

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:০৩ পিএম
ফরিদগঞ্জে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি: ‘মাদক নির্মূলে রাজনৈতিক তদবির বন্ধের জোরালো দাবি
চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বিশাল সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক যুব বিভাগের নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক পর্যায়ে জনসচেতনতামূলক মিছিলে রূপ নেয়।
ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সভাপতি মহিবুল্লাহ সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও যুব বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউনুছ। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা মোহাম্মদ ইউনুছ হেলাল আরও বলেন, “মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা অত্যন্ত জরুরি। কোনো মাদকসেবী বা কারবারি ধরা পড়লে রাজনৈতিক নেতারা যদি তাদের পক্ষে তদবির করা বন্ধ করেন এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সহযোগিতা করেন, তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, মাদক একটি পরিবার ও জাতিকে ধ্বংস করে দিচ্ছে, তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রহমতে রাব্বি মাজেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital