হাজীগঞ্জে স্ত্রীর তালাক মেনে নিতে না পেরে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে স্বামীর আত্মহত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে স্ত্রীর দেওয়া তালাক মেনে নিতে না পেরে মো. শান্ত (নাম) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার আগেই নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত বলে পরিবারের সদস্যরা দাবি করেন।



ঘটনার একটি হৃদয়বিদারক দিক হলো, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আত্মহত্যার সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহ ও তালাকের বিষয়টি নিয়ে শান্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।





