রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ২১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট অনুমোদন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২৪ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদের ২১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট অনুমোদন

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করছেন উপজেলা পরিষদের প্রশাসক এস.এম.এন. জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২১ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ১১৭ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপজেলা পরিষদের প্রশাসক এস.এম.এন. জামিউল হিকমা সভাপতিত্ব করেন এবং বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে সম্ভাব্য ব্যয় ৬৬ লাখ ২৪ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। পূর্ববর্তী উন্নয়ন তহবিলের ১১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ১১৭ টাকা যুক্ত করে মোট ২১ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ১১৭ টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব ও অনুমোদন করা হয়।

সভায় উপজেলা পরিষদের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আবাসিক ভবন থেকে নিয়মিত ভাড়া আদায়, ইউনিয়ন পরিষদের বহুতল ভবনের নকশা অনুমোদন ফি বৃদ্ধি এবং উপজেলা পরিষদের হলরুম ও অডিটোরিয়াম ভাড়ার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বছরে প্রায় ২০ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব হবে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।

Model Hospital

বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক এস.এম.এন. জামিউল হিকমা বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। উপজেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

পরে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)’বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহান পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মহৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম পাঠান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আইসিটি অফিসার আনজুম রিয়াসাত, পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম সিফাত উদ্দিন সহ চাঁদপুর সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।