রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো তিন বস্তা কোরআন শরীফ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম
ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো তিন বস্তা কোরআন শরীফ

Oplus_16908288

চাঁদপুরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ময়লার স্তূপে তিন বস্তা পবিত্র কোরআন শরীফ পেয়েছেন। বস্তাতে প্রায় শতাধিক কোরআন শরীফ ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ।

বুধবার (১ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের মিশন রোড রেলক্রসিং সংলগ্ন শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ের লেক এলাকায় ময়লা-আবর্জনা ফেলার স্থানে এ তিন বস্তা পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়।

এলাকাবাসীরা জানান, চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা মিশন রোড শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে লেকের পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার সময় তিনটি বস্তার সন্ধান পান। পরে বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ পবিত্র কোরআন শরীফ রাখা রয়েছে। খবর পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন।

Model Hospital

১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের দেওয়ান মিন্টু জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তায় প্রায় এক থেকে দেড়শো পবিত্র কোরআন শরীফ রয়েছে। বিষয়টি জানার পর স্থানীয়দের সহায়তায় কোরআন শরিফগুলো উদ্ধার করে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র কোরআন শরীফের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য কাজ। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। উদ্ধার করা পবিত্র কোরআন শরিফগুলো সংরক্ষণ করা হয়েছে। আলেম সমাজের সঙ্গে আলোচনা করে এগুলোর যথাযথ ব্যবস্থাপনা করা হবে। পাশাপাশি যারা পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অবমাননাকর আচরণ করেছে, তাদের শনাক্ত করতে তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।