শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে চাঁদা না পেয়ে ড্রেজার পাইপ ভাংচুরের অভিযোগ ইউনিয়ন যুবদল সভাপতির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম
মতলবে চাঁদা না পেয়ে ড্রেজার পাইপ ভাংচুরের অভিযোগ ইউনিয়ন যুবদল সভাপতির বিরুদ্ধে
চাঁদপুরের মতলব দক্ষিণে চাঁদা না পেয়ে ড্রেজারের পাইপ ভাংচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল গাফ্ফার ও সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উত্তর বারগাঁও ঈদগাহ সংলগ্ন এলাকায় এ পাইপ ভাংচুরের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ীদের।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উত্তর বারগাঁও এলাকার জাহাঙ্গীর মিয়াজীর ছেলে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা মো. সুরুজ বৈদ্য, মো. বাদশা বৈদ্য, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো. জহির রায়হান, মোঃ ফারুক হোসেন বৈদ্য, সোহাগ বৈদ্য, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মো. শাকিল যৌথভাবে দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসা করে আসছেন। চলতি মৌসুমে বারগাঁও এলাকায় ড্রেজারের লাইন (পাইপ) টানতে গেলে ইউনিয়ন যুবদলের সভাপতি গাফ্ফার প্রধান ও সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন তাদের কাছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের আঁধারে ৫৪টি ড্রেজার পাইপ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন মানিকসহ অন্য ব্যবসায়ীরা। যার বাজার মূল্য ৪ থেকে ৫ লক্ষ টাকা। এ ঘটনায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ী হাবিবুর রহমান মানিক বলেন, গাফ্ফার ও সুমন আমাদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে বিষয়টি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানালে তারা দুই পক্ষকে নিয়ে বসে মীমাংসা করে দেয়। তারপর থেকে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু গতকাল রাতে গাফ্ফার ও সুমন আমাদের প্রায় ৫৪টি ড্রেজারের পাইপ ভেঙে ফেলে। যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা। আমরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতির শিকার হয়েছি। আমি আমার দলের সিনিয়র নেতাদের বিষয়টি অবগত করেছি, তারা আশ্বাস দিয়েছেন বিষয়টি তারা দেখবেন। পাশাপাশি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনের আশ্রয় নেব। যেন সঠিক তদন্তের মাধ্যমে মূল অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়।
এ বিষয়ে আবদুল গাফ্ফার বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এ ধরণের কোন রেকর্ড নেই। আমি কোন চাঁদাবাজি বা পাইপ ভাংচুরের সাথে জরিত নই এবং আমার কোন নেতাকর্মীও এর সাথে জরিত  না। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আমি চাই তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীকে বের করা হোক।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।