রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।

সাংবাদিক ও উপস্থাপক এম. আর. ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জি. এম. শাহিন এবং প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান। পরিবেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও পর্যালোচনা করেন জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আল আমিন।

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।