রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয় : চাঁদপুর ডিসি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৫১ পিএম
আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয় : চাঁদপুর ডিসি

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

“জলবায়ুর পরিবর্তন ও আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চাঁদপুর সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। অতিরিক্ত খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এরই ফল। তিনি বলেন, আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, নদী দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর  জেলা পরিষদের প্রশাসক অ্যাড: একে এম সলিম উল্যা সেলিম ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন। বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বেশি দায়ী। তাই ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Model Hospital

তারা আরও বলেন, স্থানীয় রাইস মিলসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হলে নদী দূষণ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সাধারণ মানুষও যদি যেখানে-সেখানে প্লাস্টিক ও আবর্জনা না ফেলে, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি রহিম বাদশা,  চাঁদপুর জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক  জিএম শাহীন এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সুদীপ্ত চাঁদপুর-এর সম্পাদক এম.আর. ইসলাম বাবু। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান দেওয়ান এবং গীতা পাঠ করেন শ্যামল চন্দ্র দাস।

এ সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলন-এর সাধারণ সম্পাদক আল আমিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।