রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম
দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২ টায়  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে যেকোনো দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। তিনি আশ্রয়কেন্দ্র, ত্রাণ মজুদ, উদ্ধার সরঞ্জাম এবং জরুরি সেবার প্রস্তুতি সার্বক্ষণিক নিশ্চিত রাখার নির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, বন্যা, নদীভাঙন, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং জরুরি সেবার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দুর্যোগের সময় জনসাধারণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দুর্যোগ মোকাবিলায় সকল কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব স্ব স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও নৌ যান (লঞ্চ, স্টিমার, টলার ও ছোট মাঝারি নৌকা) চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাপে  কাঁটা রোগীর জন্য ভ্যাকসিন পর্যাপ্ত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : এরশাদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহমুদা কুসুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিত রায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু বড়ুয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : ইবনে আল জাহিদ হোসেন, চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, চাঁদপুর জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সওজ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিনুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।