শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম
ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে এবং এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অটোরিকশার আহত যাত্রী লিলু বেগম জানান, “আমরা অটোরিকশাযোগে ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা নিচে পড়ে গিয়ে আহত হই এবং মোটরসাইকেল চালক মেহরাজ ঘটনাস্থলেই মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা যায়।”
আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন।
হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাকণ্ঠে বলেন, “জুম্মান খুব মেধাবী ছাত্র ছিল। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে নিয়ে পরিবারের কত শত স্বপ্ন ছিল, কিন্তু একটি নিমিষের সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন চিরতরে নিভিয়ে দিল।”
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৫ জন এসেছিলেন। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসাপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital