বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম
শাহরাস্তিতে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা

শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের সূয়াপাড়ায় অবস্থিত সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

‘মাদককে রুখবো, সোনার বাংলা গড়বো’ এবং ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। পরে এটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ফখরুল আলম পাটওয়ারী, এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল আলম পাটওয়ারী, এফসিএ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব একটি পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Model Hospital

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এখন থেকেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই মাদকের সংস্পর্শে না আসে, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও মানসিক অবস্থার প্রতি নজর রাখতে হবে। পরিবার ও বিদ্যালয় একসঙ্গে কাজ করলেই শিক্ষার্থীদের মাদক থেকে নিরাপদ রাখা সম্ভব।

র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে অভিভাবক সদস্যদের নিয়ে পৃথক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়া, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, মাদক থেকে দূরে রাখা এবং বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন নাথ চক্রবর্ত্তী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন মন্টু, সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামানসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital