সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চাঁদপুর ডিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পিএম
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চাঁদপুর ডিসি

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই যদি নিজেদের অতীতের কথা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম আমাদের শিক্ষাজীবন ও স্কুলের শিক্ষকদের কথাই মনে পড়ে। শিক্ষার্থীরাও সারা জীবন তাদের শিক্ষকদের কথা মনে রাখবে।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক শিক্ষাও নিশ্চিত করতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমরা সবাই একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলার চেষ্টা করব। সুন্দর আচরণ ও পারস্পরিক সম্মান নিজেদের মধ্যে একটি সুন্দর সামাজিক বন্ধন তৈরি করে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন শিখবে, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো কিছু শেখার মানসিকতা শিক্ষকদের থাকতে হবে।

আহমেদ জিয়াউর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ করে দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর বিষয়টি ইতোমধ্যে সামনে এসেছে। সেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে থেকে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে। চাঁদপুরে খুব শিগগিরই এ ধরনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মর্যাদা ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক এবং আনোয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন খন্দকার।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”