বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সেবার মান খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এমপি মানিক কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট অফিসে এসে যে পরিবেশ দেখলাম, তা মোটেও সন্তোষজনক নয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নিয়মিত পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত করতে বদ্ধপরিকর।

তিনি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণে ডিও লেটার দিয়েছি, হোস্টেল ও নতুন ভবনও হবে: এমপি মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণে ডিও লেটার দিয়েছি, হোস্টেল ও নতুন ভবনও হবে: এমপি মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করতে ইতোমধ্যে ডিও লেটার দিয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। একই সঙ্গে কলেজে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল, নতুন একাডেমিক ভবন এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া কলেজের হীরকজয়ন্তী উদ্‌যাপনেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন, “হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরিবেশ এত সুন্দর, এখানে না এলে তা জানতেই পারতাম না। কলেজের পরিবেশ দেখে আমি সত্যিই অভিভূত। এ কলেজকে জাতীয়করণ করতে ইতোমধ্যে ডিও লেটার দিয়েছি। শিক্ষার্থীদের আবাসন, নতুন একাডেমিক ভবন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসার সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের বিষয়ে কথা বলার পরিকল্পনা করেছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে কলেজটি জাতীয়করণের জন্য ডিও লেটার দেন।

Model Hospital

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোযাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সদস্যসচিব মো. খোরশেদ আলম ভুট্টো।

উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার ও সেলিম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মো. এমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সাবু, দাতা সদস্য মো. মোস্তফা মজুমদার সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নূরজাহান আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলো মুন্সী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওমর ফারুক টিটু ও মো. বিল্লাল হোসেন পাটওয়ারীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জাতীয়করণ, শিক্ষার্থীদের আবাসন সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাসকে ঘিরে নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছে নতুন প্রত্যাশার বার্তা নিয়ে আসে।